অর্ঘ্য দে



অনাস্বাদিত যা কিছু

অর্ঘ্য দে





(১) নিঃস্ব

অনাস্বাদিত যা কিছু থেকে গেল

সেই তো প্রেম। 

নির্বোধ অহংকারী ছিল প্রতিটা দিন,

বুঝিনি একটু একটু করে নিঃস্ব হয়ে যাচ্ছি ...

আমার ভেতর পরিত্যক্ত খামারের নির্জনতা

সেখানে কোনও এক পুরুষ বেহালা বাজায়।  


(২) নদী

প্রবল অনীহায় বেঁকে গেছে নদী

চরে পরিযায়ী সংসারের উনুন; ধোঁয়া

খুব চোখ জ্বালা করে আমার, 

আঁজলায় বলি ওঠে শুধু

হয়তো এ পিপাসা মেটার নয় ! 



(৩) প্রদাহ 

কোনও এক দহনের ভিতর

মিলিয়ে গেছে নিবিড়তার সুগন্ধ,

দীর্ঘ মিছিলের মতো দাহ্যতার পাশে  

জ্বলে-যাওয়া ফুল হাতে দাঁড়িয়ে আছি

আনত দৃষ্টি; মেঘের অপেক্ষায় 


সর্ষেক্ষেত বরাবর ছুটে আসবে

হয়তো মেঘদের থেকেও দ্রুত 

বৃষ্টির আগেই আছড়ে পড়বে বুকে 



(৪) স্বপ্ন 

চরের মতো জেগে-থাকা নিশুতিতে

ঘুম ভেঙে গেলে এখনও স্বপ্ন দেখি 

সমস্ত মতান্তরের চিঠি গুছিয়ে নিয়ে

রেখে দিলে আগুনের ওপর

অপছন্দের থেকে সরে যাচ্ছ দূরে ... 

                                     আরও দূরে ...




                                     

Comments

Taimur Khan said…
খুব সুন্দর হয়েছে কবিতাগুলি। আমার আন্তরিক শুভেচ্ছা রইলো।
Taimur Khan said…
খুব সুন্দর হয়েছে কবিতাগুলি। আমার আন্তরিক শুভেচ্ছা রইলো ।

আরও পড়ুন

সৌমিত ভট্টাচার্য্য

সব্যসাচী মজুমদার

অবগুণ্ঠন সাহিত্য পত্র ও কিছু কথা— অমিতাভ দাস

এক গুচ্ছ কবিতা সৈয়দ মহঃ সাবির আলি

কবিতা সিরিজ —

ধৃতিরূপা দাস

অর্ণব মুখোপাধ্যায়'র একগুচ্ছ নদী

একটি কবিতা সিরিজ

বিধান ঘোষ