অর্ণব মুখোপাধ্যায়'র একগুচ্ছ নদী
এক||
একবিকেল অন্ধ হলে
রূপের শাড়ি নদী,
এই বুকেতে অন্ন ভেসে যায়, যদি —
মুগ্ধ দাঁড়াও সম্মুখে,
তোমার ঠোঁট থেকে নৌকো ভেসে ভেসে,
ছুঁই ছুঁই মরি মরি এমন পার্বণে নদীর
সাদাজলে চাঁদ ডুবে যায়,
দাউ দাউ জ্বলে ওঠা — সে কি
প্রেম ?
দুই||
অসহায় মায়ের শূন্য কোলের মতো
নদী ভেসে আছে,
রুপালি সুতার রোদ —
ওই মুখ ছুঁয়ে যায়,
মায়ের কী নাম ? কী নাম ওঁর কোলের ?
কত নদী শুনেছি তো নামহীন হয়
মরা রোদ মাঝে মাঝে বলে —
এই নদী তোর-ই কি মেয়ে ?
তিন||
বাবা চলে গেলে পাহাড় পড়ে থাকে
মা চলে গেলে নদী,
স্টিমার নৌকার ছাউনিতে শুয়ে দেখি
পাহাড় ভেসে যায় জলে —
পথ চিনিয়ে দিতে
নদীর বুকে কত তারা জ্বলে থাকে !
চার||
প্রতিটি সম্পর্ক নদীর মতো বাঁচে,
নদী মরে গেলে বুকের দাগ দীর্ঘ দেখা যায়,
দাঁড়াও বিচ্ছেদ,
সুন্দর হয়ে এসো !

Comments