জ্যোতির্ময় মুখোপাধ্যায়
এবং
কিছু লিখতে হবে
এই জেনে, অপেক্ষা করছি লেখার
জানি, অপেক্ষার কোনও তিথিডোর নেই
তবু কখনো কখনো একটা
টাইমফ্রেমে লেখা জরুরি হয়ে ওঠে
কিন্তু লিখতে গিয়ে বুঝি
জাস্ট শূন্য ভয়েড ফাঁকা
এখন বিকাল, অল্প হাওয়ায় বসে আছি মাঠে
পাখি ডাকছে, পাখি উড়ছে
মাঠের ফাঁকায় নিজেকে মুড়ে নিয়ে দেখছি
অল্প অল্প করে মৃত হচ্ছে আলো
তারপর
সূর্য ডুবল
কিছু আলো রয়ে গেছে এখনও
এবং অন্ধকার
তিতিবিরক্ত যে আমি-টা
সকল সময় বিরক্ত করছে আমাকে
এসব সময়েই রক্তাক্ত করে বেশি
বাড়ি ফিরতে হবে
অথচ বসে থাকি আরও কিছুক্ষণ
চারপাশে জেগে উঠছে শব্দ
এ-শব্দে আর কোনও পাখি নেই
যতসব নাম না-জানা পোকা
এই পরিবর্তনকে স্বীকার করি, গ্রহণ করি
নিজের একটা ঠিকানা খুঁজতে খুঁজতে
ফিরে চলি বাড়ি

Comments