অনিন্দ্য সরকার

 
















ছোঁয়া

তোমাকে ছুঁয়েছি
পাগল পাগল মন
সেই থেকে শান্ত হয়ে আছে।

এই তো ছুঁয়েছি হাত
নখের কোনায় ভরে জোৎস্নার আলো।
এই তো ছুঁয়েছি বুক
বুকের কিনার ঘেঁষে অভিমানী শ্রাবণের চিঠি।

বাকল ঘেরা কবেকার দগদগে ক্ষত
এই তো নরম হাতের ভাঁজে বিশল্যকরণী।

তোমাকে ছুঁয়েছি

তাই,
আনন্দ-বিষাদ গাঁথা
জীবন পাথার
সুরে সুরে ভরে গেল।




জীবনবৎসা

তোমার যাওয়ার পথে যেটুকু রোদ
যেটুকু চিকুর আলোছায়া
আবিল রাতের ফুল
বিষণ্ণ কোকিলের গান
সব আমি গুনেগেঁথে তুলে রাখি।

যদি তুমি আসো একবার
পুনরায় বসন্তদিন হয়ে যাব।

সব কিছু ঝরে পড়ছে
নিজেই নিজের ঝরা পাতা
জড়ো করি আর বলি

যদি আসো

এ পৃথিবী জীবনবৎসা হবে।

Comments

আরও পড়ুন

মনোজ চৌধুরী

নবীন সরকার

শ্রী র জ ত

ভবানী বিশ্বাস

ঋতুপর্ণা খাটুয়া

শাশ্বত বন্দ্যোপাধ্যায়

মেহবুব গায়েন

কবিতা—জয়াশিস ঘোষ